Views Bangladesh Logo

শোকের আবহে পালিত হচ্ছে আশুরা

 VB  Desk

ভিবি ডেস্ক

আজ হিজরি ১৪৪৮ সনের ১০ মহররম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকের আবহে আশুরা পালিত হচ্ছে। মুসলমানদের কাছে আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। হিজরি ৬০ মতান্তরে ৬১ সনের ১০ মহররম কারবালা প্রান্তরে ধর্মদ্রোহী ও বিশ্বাসঘাতক এজিদ বাহিনীর হাতে শহীদ হন রসুল হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং সঙ্গীরা।

যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে সরকারি ও বেসরকারিভাবে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা আগে পরে মিলিয়ে দুই দিন রোজা পালনসহ নফল ইবাদতবন্দেগির মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এ উপলক্ষে শিয়া সম্প্রদায় আজ সকালে রাজধানীর হোসনি দালান, পল্টন ও মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের করবেন। এজন্য পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশে আজ সরকারি ছুটি। আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ধর্মীয় সামজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং দেশের মসজিদ, মাদ্রাসা, খানকা শরিফে ওয়াজ, মিলাদ ও দোয় মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামের সুমহান আদর্শের পতাকা সমুন্নত রাখতে কারবালা প্রান্তরে শিশুসন্তান, ভাই, পরিজন ও নবীর সাহাবিসহ শাহাদাতবরণ করেন ইমাম হোসেন (রা.)।

বর্তমান ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-কে ১০ দিন ধরে অবরোধ করে রাখার পর নির্মমভাবে হত্যা করে এজিদ বাহিনী। এর আগে তারা এজিদের হাতে বাইয়াত গ্রহণের জন্য একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে ইমাম হোসেনকে চাপ দেয়। কিন্তু, এজিদকে ইসলামের খলিফা মেনে নিতে তিনি অস্বীকৃতি জানান।

হজরত হোসেন (রা.) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে সেদিন কারবালা প্রান্তরে পরিবার-পরিজন নিয়ে শাহাদতবরণ করেছিলেন। রাসুল (সা.)-এর প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রব্যবস্থা এবং তার সাহাবিদের প্রবর্তিত খেলাফতি শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার সংগ্রামে তিনি শাহাদতবরণ করেন। কারবালার ঘটনা আমাদের অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীনভাবে সংগ্রাম করার কথাই শিক্ষা দেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ