Views Bangladesh Logo

রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু হাতে বিএনপির মিছিল

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা আবার বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ অন্যরা।

সমাবেশে মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস।’

তার অভিযোগ, সরকারের ছয় মাস না যেতেই গ্যাস-বিদ্যুতের সংকটের অজুহাতে সংসদে অসংসদীয় ভাষায় বক্তব্য দিয়ে রুমিন ফারহানা ভারত ও আওয়ামী লীগের স্বার্থে কাজ করছেন। তার বক্তব্য প্রত্যাখ্যান করে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি।

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ওই আসনের মধ্যে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ রয়েছে।

সংসদে বক্তব্যে রুমিন ফারহানা বলেন, প্রতিটি সরকারেরই একটি চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট হবে না—এমনটা হওয়ার নয়। একইভাবে বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ শীর্ষে থাকবে না, সেটিও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঋণখেলাপির ক্ষেত্রেও সর্বোচ্চ অবস্থানে পৌঁছাবে—এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তার এসব বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ