Views Bangladesh Logo

বাংলাদেশ ছাড়ছেন ফিল্ডিং কোচ প্যামেন্ট, নতুন দায়িত্বে আশিক মজুমদার

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন জেমস প্যামেন্ট। তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর কয়েক দিন আগে কোমরের চোটে পড়েন তিনি। এরপর থেকে বিশ্রামে থাকা এই কোচ পাকিস্তানের পর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও দলের সঙ্গে থাকছেন না।

বর্তমানে চোট সারাতে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন প্যামেন্ট; কোমরের এই চোট থেকে সেরে উঠতে কত দিন লাগবে, তা এখনো অনিশ্চিত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এক বছরে তিনবার চোটে পড়া ও শারীরিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের সঙ্গে আর কাজ চালিয়ে যেতে আগ্রহী নন তিনি; যদিও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তাঁর চুক্তি রয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজে প্যামেন্টকে না পাওয়ায় ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাবেন বিসিবির কোচ আশিক মজুমদার। সর্বশেষ পাকিস্তান সিরিজেও ফিল্ডিংয়ের দায়িত্বে ছিলেন তিনি।

আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল; বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ