এক বছরের চুক্তিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের দিন থেকে তাঁর নিয়োগের মেয়াদ গণনা করা হবে।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ৮(৫) ধারার ক্ষমতাবলে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে এক বছর পর্যন্ত তাঁর নিয়োগ কার্যকর থাকবে।
তবে নতুন দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তও আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত না থাকা। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি বা কর্ম-সম্পর্ক থাকলেও তা পরিত্যাগ করতে হবে তাঁকে।
নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ বিস্তারিত শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। নতুন দায়িত্বে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের বিনিয়োগসংশ্লিষ্ট কার্যক্রম ও সরকারের বিনিয়োগ উন্নয়ন উদ্যোগে নেতৃত্ব দেবেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
মতামত দিন