কিশোরগঞ্জে ইমাম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে নির্ধারিত ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তির পর বুধবার (১৯ আগস্ট) নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ব্যান্ড কর্তৃপক্ষ।
কনসার্ট আয়োজনের খবর প্রকাশের পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা। তাদের দাবি, গান-বাজনাসহ এ ধরনের আয়োজন ইসলামী শরিয়তের পরিপন্থী। এ কারণে অনুষ্ঠানটি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে বলা হয়, ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে কনসার্ট আয়োজন করা হলে সেখানে গান-বাজনার মাধ্যমে শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
আবেদনে অতীতের কয়েকটি ঘটনার কথাও তুলে ধরেন ইমাম-উলামারা। তাদের দাবি, কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে এর আগে একই ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের বিরোধিতার কারণে সেগুলো শেষ পর্যন্ত হয়নি। এবারও যাতে কনসার্টটি অনুষ্ঠিত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরেও দেওয়া হয়। এরপর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রশাসন অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে কনসার্ট স্থগিতের বিষয়টি জানিয়ে অ্যাশেজ ব্যান্ড তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে পুরাতন স্টেডিয়ামে ওই দিনের কনসার্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আবার কিশোরগঞ্জে দর্শকদের সঙ্গে দেখা হওয়ার আশা প্রকাশ করেছে ব্যান্ডটি। তবে স্থগিত কনসার্টটি নতুন করে কবে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ জানানো হয়নি।
মতামত দিন