১৫ দিন পরপর গান প্রকাশ করবে অ্যাশেজ
বাংলাদেশের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ড অ্যাশেজ তাদের সংগীতপ্রকাশের ধরনে আনছে ভিন্নতা। একসঙ্গে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের প্রচলিত ধারা থেকে সরে এসে তারা সিদ্ধান্ত নিয়েছে—প্রতি ১৫ দিন পরপর নতুন গান প্রকাশ করবে। এই পরিকল্পনার মাধ্যমে ‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’ শিরোনামের দুটি অ্যালবামের সব গান ধাপে ধাপে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সম্প্রতি ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বিভ্রম’ অ্যালবামের প্রথম গান ‘ফেরিওয়ালা’ প্রকাশ করা হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন জুনায়েদ ইভান, যা অল্প সময়েই শ্রোতাদের দৃষ্টি কাড়ে। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ—কবে আসবে পুরো অ্যালবাম?
এই প্রশ্নের জবাবে ব্যান্ড সদস্যরা জানিয়েছেন, বর্তমান ডিজিটাল যুগে ক্যাসেট বা সিডির মতো পূর্ণাঙ্গ অ্যালবাম একসঙ্গে প্রকাশ করা বাস্তবসম্মত নয়। তাই গানভিত্তিক ধারাবাহিক প্রকাশই তাদের নতুন কৌশল।
ব্যান্ডটির ড্রামার তৌফিক আহমেদ বিজয় বলেন, শ্রোতাদের ভালোবাসার প্রতিদান দিতেই নিয়মিত নতুন গান প্রকাশ করতে চাই। এতে করে একদিকে যেমন শ্রোতাদের আগ্রহ বজায় থাকবে, অন্যদিকে বছরের মধ্যেই দুটি অ্যালবামের সব গান প্রকাশ করা সম্ভব হবে।
‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’—এই দুটি অ্যালবাম আসলে অ্যাশেজের প্রায় এক দশকের সৃজনপ্রক্রিয়ার ফল। ব্যান্ড সদস্যদের ভাষ্য অনুযায়ী, অ্যালবামের কিছু গান পুরোনো, যা এতদিন কনসার্টে পরিবেশিত হলেও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। আবার কিছু গান একেবারেই নতুন।
প্রতিটি গানের পেছনে রয়েছে আলাদা গল্প, অনুভব ও বার্তা। গানের কথা, সুর ও সংগীতায়োজনে বহুবার পরিবর্তন এনে পরিপূর্ণ রূপ দেওয়া হয়েছে প্রতিটি ট্র্যাককে।
কণ্ঠশিল্পী জুনায়েদ ইভান জানান, নতুন অ্যালবামের গানগুলোতে বস্তুগত সুখের চেয়ে অনুভবকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, মানুষের জীবন ক্রমেই বস্তুবাদী হয়ে উঠছে, অথচ প্রকৃতি, আবেগ ও ছোট ছোট অভিজ্ঞতাই প্রকৃত আনন্দের উৎস হতে পারে—এই দর্শনই ফুটে উঠবে গানগুলোতে।
একই সঙ্গে অস্তিত্ববাদ, আত্মসংঘাত ও মানসিক যাত্রার মতো বিষয়গুলোও গানের কথায় উঠে আসবে।
নতুন গান প্রকাশের পাশাপাশি নিয়মিত স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ। আগামী জুনের প্রথম সপ্তাহে তারা ইউরোপ সফরে যাচ্ছে। এই সফরে ইতালির রোম ও ভেনিস, এবং ফ্রান্সের প্যারিসে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৬ জুনের একটি কনসার্ট ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
ইউরোপ সফর শেষে দেশে ফিরে একাধিক কনসার্ট করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। পাশাপাশি নতুন গান তৈরির কাজও শুরু করবে তারা। কারণ, ‘বিভ্রম’ ও ‘ডানাহীন পাখি’র পর আরও একটি নতুন অ্যালবাম নিয়ে ভাবনা শুরু করেছে অ্যাশেজ।
বর্তমানে অ্যাশেজ ব্যান্ডে রয়েছেন—ভোকালে জুনায়েদ ইভান, লিড গিটারে সুলতান রাফসান খান, বেস গিটারে ওয়াহিদ উজ জামান তূর্য, কি-বোর্ডে আদনান বিন জামান ও ড্রামসে তৌফিক আহমেদ বিজয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে