Views Bangladesh Logo

জন্মদিনে প্রকাশ পাবে আশা ভোঁসলের শেষ গান

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন চলতি বছরের ১২ এপ্রিল, ৯২ বছর বয়সে। তাকে ছাড়া প্রথম জন্মবার্ষিকী পালিত হবে আগামী ৮ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রয়াত এই কিংবদন্তির শেষ রেকর্ড করা গান প্রকাশের উদ্যোগ নিয়েছে ভারতীয় চলচ্চিত্রের একটি দল।

‘ওম কা হরি’ সিনেমার নির্মাতারা আশা ভোঁসলের রেকর্ড করা শেষ গানটি তার জন্মবার্ষিকীতে প্রকাশ করতে যাচ্ছেন। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় তার গাওয়া গানটির শিরোনাম ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’। গানটি অনেকটা বিদায়ী বার্তার আবহ তৈরি করেছে।

২০২৩ সালের শেষ দিকে ৯০ বছর বয়সে গানটি রেকর্ড করেছিলেন আশা ভোঁসলে। ওই সময়ই তিনি শেষবারের মতো স্টুডিওতে দাঁড়িয়ে গান রেকর্ড করেন। হরিশ ভিয়াস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অংশুমান ঝা, রঘুবীর যাদব, সোনি রাজদান ও আয়েশা কাপুর।

গানটি ৮ সেপ্টেম্বর প্রকাশের সিদ্ধান্ত প্রসঙ্গে পরিচালক হরিশ ভিয়াস বলেন, আশা ভোঁসলের প্রথম জন্মবার্ষিকীতে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই দিনটি বেছে নেওয়া হয়েছে।

অভিনেতা অংশুমান ঝা বলেন, প্রয়াত এই কিংবদন্তি সংগীতশিল্পীর শেষ গান তাদের সিনেমায় থাকা তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কাজটি তার হৃদয়ের খুব কাছের হয়ে থাকবে বলেও জানান তিনি।

আট দশকের দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে ১২ হাজারের বেশি গান রেকর্ড করেছেন। তার কণ্ঠে মুগ্ধ হয়েছে একাধিক প্রজন্মের শ্রোতা। তার মৃত্যু সংগীতজগতে যে শূন্যতা তৈরি করেছে, ৮ সেপ্টেম্বর প্রকাশিত হতে যাওয়া শেষ গানটি সেই স্মৃতিকে আরও একবার জীবন্ত করে তুলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ