Views Bangladesh Logo

জন্মবার্ষিকীতে প্রকাশ্যে এলো আশা ভোঁসলের রেকর্ড করা শেষ গান

আশা ভোঁসলের কণ্ঠ মানেই কয়েক প্রজন্মের মধুর স্মৃতি, অজস্র কালজয়ী গান আর সুরের নিজস্ব এক মায়াবী জগৎ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংগীতের এই কিংবদন্তি কণ্ঠশিল্লীর ৯৩তম জন্মবার্ষিকী। বিশেষ এই দিনে প্রয়াত এই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করতে প্রকাশিত হলো তাঁর জীবনের শেষ রেকর্ড করা গান ।

আসন্ন কমেডি-ড্রামা সিনেমা ‘ওম কা হরি’র জন্য ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে। শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্তদের জন্য সুরের উপহার হিসেবে গানটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছেন সিনেমাটির পরিচালক হরিশ ব্যাস।

আশার মায়াবী কণ্ঠে রেকর্ড করা শেষ সুরটি ভক্তদের জন্য শুধুই একটি গান নয়; বরং আবেগ ও স্মৃতিতে মোড়া এক বিশেষ প্রাপ্তি। গানটি নিয়ে উচ্ছ্বাস ও আবেগ চেপে রাখতে পারেননি সিনেমাটির প্রধান অভিনেতা অংশুমান ঝা। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘প্রয়াত সংগীত কিংবদন্তির শেষ সুর আমাদের ছবির অংশ হয়ে থাকা নিঃসন্দেহে পরম প্রাপ্তি। এই কাজ ও এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে।’

আট দশকের দীর্ঘ ও বৈচিত্র্যময় ক্যারিয়ারে ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে। যার জাদুকরী কণ্ঠে মুগ্ধ হয়েছে যুগের পর যুগ ধরে বিশ্বজুড়ে থাকা ভারতীয় সংগীতের শ্রোতারা।

চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে চিরবিদায় নেন সংগীতাঙ্গনের এই প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব। তবে আজকের এই বিশেষ দিনে নতুন করে তাঁর চেনা কণ্ঠটি বেজে ওঠার মাধ্যমে ভক্তদের মাঝে সুরের মায়াজালে আরও একবার ফিরে এলেন কালজয়ী এই সুরসাধক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ