হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আশা ভোঁসলে
ভারতের কিংবদন্তি প্লেব্যাক সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, ৯২ বছর বয়সী এই শিল্পী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন এবং বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।
তবে তার নাতনি, গায়িকা জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, আশা ভোঁসলে ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও বহুমুখী কণ্ঠশিল্পী। আট দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি হাজার হাজার গান গেয়েছেন এবং শাস্ত্রীয়, লোকসংগীত, পপ ও গজলসহ বিভিন্ন ধারায় অসামান্য অবদান রেখেছেন।
তার সঙ্গীতজীবনের স্বীকৃতি হিসেবে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে