দুই হত্যা মামলায় হাইকোর্টে আসাদুজ্জামান নূরের জামিন, তবে মুক্তি অনিশ্চিত
সাবেক আওয়ামী লীগ সরকারের সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরকে জুলাই আন্দোলন-কেন্দ্রিক দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় এখনই কারামুক্তি মিলছে না বলে জানা গেছে।
রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
আইনজীবী জেড আই খান পান্না বলেন, এই দুটি মামলায় আমরা তিনবার শুনানি করেছি। আগে রুল দেওয়া হয়েছিল। আজ রুল অ্যাবসলিউট করা হয়েছে।
তবে তিনি জানান, অন্য মামলায় গ্রেপ্তার ও অভিযোগ থাকায় আপাতত নূরের মুক্তি সম্ভব হচ্ছে না।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর মিরপুরে সিয়াম সরদার (১৭) নামের এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১১৪ জনের সঙ্গে আসাদুজ্জামান নূরের নামও রয়েছে।
আরেকটি মামলায় ২০১৪ সালে নীলফামারীর বিএনপি নেতা গোলাম রব্বানী হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মামলাটি ২০২৪ সালে আদালতে দায়ের করা হয় তার স্ত্রীর পক্ষ থেকে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করেছে।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে নীলফামারীতেও একাধিক মামলা দায়ের হয়।
১৯৪৬ সালে নীলফামারীতে জন্ম নেওয়া আসাদুজ্জামান নূর দীর্ঘদিন সাংস্কৃতিক অঙ্গন ও রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০১৪ সালে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে