Views Bangladesh Logo

আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আসাদুজ্জামান

সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পান ৫৫ হাজার ৫৭৭ ভোট।

মো. আসাদুজ্জামান ১৯৭১ সালের জানুয়ারিতে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শেখ মো. ইসরাইল হোসেন এবং মা বেগম রোকেয়া। ঝিনাইদহেই তাঁর শিক্ষা জীবনের শুরু। তিনি ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর আইন বিভাগ থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় যুক্ত হন। পরে আপিল বিভাগেও আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইন পেশায় যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় অংশ নিয়েছেন।

রাজনীতিতে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া–এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ