আইফোনে চাঁদের ছবি তুললেন আর্টেমিস ২-এর নভোচারী
আর্টেমিস ২ মহাকাশযানের ঐতিহাসিক চন্দ্রাভিযান এখন সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে। এই অভিযানে কমান্ডার রিড ওয়াইজম্যান তার আইফোন ১৭ প্রো ম্যাক্স দিয়ে চাঁদের পৃষ্ঠের অসাধারণ একটি ছবি তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। গত কয়েক দিন ধরে আর্টেমিস ২ মিশনের নভোচারীরা আইফোনে তোলা বিভিন্ন ছবি শেয়ার করছেন।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, এবারই প্রথম নাসা নভোচারীদের সাম্প্রতিক স্মার্টফোন নিয়ে মহাকাশে যাওয়ার অনুমতি দিয়েছে। মহাকাশযানে থাকা চারটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের পাশাপাশি ক্রু সদস্যরা গোপ্রো হিরো-৪ ব্ল্যাক, নাইকন ডি-৫ ও নাইকন জেড-৯ ক্যামেরাও ব্যবহার করছেন। তোলা ছবিগুলো নাসার জনসন স্পেস সেন্টারের ফ্লিকার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে।
৬ এপ্রিল রাতে মহাকাশযানটি চাঁদের কাছ দিয়ে যাওয়ার সময় চন্দ্রের মহাকর্ষ শক্তি ব্যবহার করে পুনরায় পৃথিবীর দিকে গতিপথ পরিবর্তন করা হয়। সেই সময় নভোচারীরা ওরিয়ন ক্যাপসুলের জানালা দিয়ে দৃশ্যের ছবি তুলতে একে একে সুযোগ নিচ্ছিলেন।
নাসার লাইভস্ট্রিম ধারাভাষ্যকার লিয়া মুস্তাচিও জানান, ভালো ছবির জন্য নভোচারীরা কেবিনের সব আলো বন্ধ করে দেন। ঠিক তখনই ওয়াইজম্যান লাইভস্ট্রিম ক্যামেরার সামনে এগিয়ে এসে আইফোনের স্ক্রিনে চাঁদের পৃষ্ঠের একটি চমৎকার ছবি দেখান। পরে তিনি নিশ্চিত করেন, আইফোনের ৮এক্স জুম ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে। মিশন কন্ট্রোল জানায়, ছবিতে দেখা বিশালাকার গর্তটি হলো বিখ্যাত চেবিশেভ ক্রেটার।
ওয়াইজম্যানের তোলা ছবিটি পৃথিবীতে পাঠানো হবে কি না তা এখনো নিশ্চিত নয়। তবে নাসা তাদের ফ্লিকার অ্যাকাউন্টে এই ফ্লাইবাই মিশনের হাই-রেজোল্যুশন ছবি আপডেট করলে তা দেখা যাবে বলে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে