চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক তরুণ ঘোষের চিরবিদায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
নির্মাতা অনিমেষ আইচ জানান, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তরুণ ঘোষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ প্রথমে জাতীয় জাদুঘর, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। তরুণ ঘোষের ছাত্র-ছাত্রী, সতীর্থ ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানান। বিকেলে লালবাগের পোস্তা শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া তরুণ ঘোষ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক এবং ১৯৮৬ সালে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে ২০১২ সালে ‘কিপার’ পদ থেকে অবসর নেন।
চলচ্চিত্রের শিল্প নির্দেশনায় তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা' চলচ্চিত্রে শিল্প নির্দেশনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তারেক মাসুদের ‘মাটির ময়না’, ‘নরসুন্দর’ ও এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘সখী রঙ্গমালা’ ছিল তার সর্বশেষ কাজ। চিত্রকলায় তার ‘বেহুলা’ সিরিজ বিশেষভাবে প্রশংসিত হয় এবং এশিয়ান আর্ট অ্যাওয়ার্ড লাভ করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে