Views Bangladesh Logo

বাধার মুখে সময়মতো পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

নড়াইলে সাবেক এমপি মুক্তির বাড়িসহ অর্ধশতাধিক স্থাপনায় আগুন, লুটপাটের অভিযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব স্থাপনার মধ্যে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে।

শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন ধরিয়ে দেয়।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে গ্রামটির বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। বাধা সরিয়ে রাত ৮টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।

তিনি জানান, গ্রামটির অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের বেশ কয়েকটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী বলেন, বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পেয়ে তাঁদের একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুড়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি রয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি পুলিশ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করছে পুলিশ।

ঘটনার বিষয়ে জানতে কালিয়া থানার ওসি ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জানান, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশ একটি বিবৃতি দেবে।

এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শাহিনুর ও সোহেল মারা যান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তাঁরা নিহত হয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ