Views Bangladesh Logo

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীর দুমকিতে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাঙ্গাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত টায়ারে আগুন জ্বালিয়ে তা ভোটকেন্দ্রের ভেতরে ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই কিশোর একটি কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে কেন্দ্রটি রক্ষা পায়।

জানা গেছে, কেন্দ্রটির নিরাপত্তায় দুজন গ্রাম-পুলিশ সদস্য ও বিদ্যালয়ের একজন নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না। ওই সময় তারা রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন বলে জানা গেছে।

কেন্দ্রে স্থাপিত চারটি সিসিটিভি ক্যামেরা সচল থাকলেও ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, দুর্বৃত্তরা টায়ারে আগুন জ্বালিয়ে ভোটকেন্দ্রের ভেতরে নিক্ষেপ করেছিল। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ