Views Bangladesh Logo

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারছেন। পরে সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্মৃতিস্তম্ভের মূল কাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি আল-সাদিক (হৃদয়) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়েছে। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তিন-চার মাস আগে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় গেছেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন বলে জানা গেছে।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ