৪৮ বছর পর টটেনহ্যামের মাঠে বড় জয় আর্সেনালের
৪৮ বছরের খরা কাটিয়ে টটেনহ্যামের মাঠে বড় জয় পেয়েছে আর্সেনাল। রোববার উত্তর লন্ডন ডার্বিতে টটেনহামকে ৪-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে মিকেল আর্তেতার দল। এই জয়ের ফলে আর্সেনাল পয়েন্ট টেবিলে আবারও ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আর্সেনালের ওপর চাপ বেড়ে গিয়েছিল। তবে উত্তর লন্ডন ডার্বিতে সেই চাপকে শক্তিতে পরিণত করে দুর্দান্ত ফুটবল খেলেছে তারা। ১৯৭৮ সালের পর এই প্রথম টটেনহ্যামের ঘরের মাঠে এত বড় ব্যবধানে জয় পেয়েছে আর্সেনাল, যা ৪৮ বছর পর ফিরিয়ে আনা ঐতিহাসিক স্মৃতি।
ম্যাচের মূল নায়ক ছিলেন মিডফিল্ডার এজে। দীর্ঘ ১৮ ম্যাচের গোলখরা কাটিয়ে তিনি করেন জোড়া গোল। গত নভেম্বরে টটেনহ্যামের বিপক্ষে ৪-১ জয়ের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন।
নতুন ভরসা ইয়োকেরেশও করেছেন দুটি গোল, যার ফলে আর্সেনালের জয় আরও নিশ্চিত হয়েছে।
ম্যাচের ৩২ মিনিটে পাপে সারের ভুলে বল পেয়ে বুকায়ো সাকা আক্রমণ সাজান। তার নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন এজে। তবে দুই মিনিট পরেই ডেকলান রাইসের ভুলে সমতা ফেরান রেনডাল কোলো মুয়ানি।
দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। জুরিয়েন টিম্বারের পাস থেকে টটেনহ্যামের রক্ষণের অসতর্কতার সুযোগ নিয়ে ইয়োকেরেশ আর্সেনালকে আবার লিড এনে দেন। ৬১ মিনিটে এজে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-১ করেন। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে ইয়োকেরেশ চতুর্থ গোলটি করে টটেনহ্যাম সমর্থকদের মাঠ ছাড়তে বাধ্য করেন।
এই জয়ের পর আর্সেনালের সংগ্রহ ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট। তারা দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে ৫ পয়েন্ট এগিয়ে। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে, তবুও এই জয় আর্সেনাল শিবিরে শিরোপার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে