নিউক্যাসলের গিমারায়েসকে দলে নিতে প্রস্তাব বাড়াচ্ছে আর্সেনাল
প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়ানোর চেষ্টা আরও জোরদার করেছে। বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়কের জন্য আগের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর নতুন ও আরও বড় অঙ্কের প্রস্তাব প্রস্তুত করছে গানাররা।
প্রতিবেদন বলছে, গিমারায়েসকে দলে নিতে সম্প্রতি প্রায় ৭ কোটি পাউন্ড প্রস্তাব দিয়েছিল আর্সেনাল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় নিউক্যাসল। এবার ক্লাবটি আরও বেশি অর্থের প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরতে চায়।
চেলসি যখন ইংলিশ ফরোয়ার্ড মরগান রজার্সকে দলে নিতে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডের রেকর্ড প্রস্তাব দিয়েছে, তখন সেই প্রতিযোগিতায় না গিয়ে আর্সেনাল তাদের মূল লক্ষ্য হিসেবে গিমারায়েসকেই বেছে নিয়েছে।
২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান গত মৌসুমে নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে ফরাসি ক্লাব লিঁও থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে তাকে দলে ভেড়ায় নিউক্যাসল।
গত বছর আলেকজান্ডার ইসাককে ঘিরে দীর্ঘ দলবদল নাটকের পুনরাবৃত্তি এড়াতে এবার শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে নিউক্যাসল। তাই গিমারায়েসকে ছাড়তে তারা অনাগ্রহী।
গত সপ্তাহে দায়িত্ব ছাড়ার আগে সাবেক কোচ এডি হাওও স্বীকার করেছিলেন, গ্রীষ্মকালীন দলবদলে গিমারায়েসকে হারানোর আশঙ্কা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল।
জুলাইয়ে বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর ছুটি শেষ করে গিমারায়েস ইতোমধ্যে স্পেনে অনুষ্ঠিত নিউক্যাসলের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে আগামী ২৩ আগস্ট লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে তিনি নিউক্যাসলের জার্সিতে খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, আর্সেনাল ২১ আগস্ট কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে।
যদিও আর্সেনাল কোচ মিকেল আর্তেতা গিমারায়েসকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে দলবদল নিয়ে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেছেন, দলকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় জায়গাগুলো চিহ্নিত করে কাজ করা হচ্ছে এবং স্কোয়াডে প্রতিযোগিতা বাড়ানোই তাদের লক্ষ্য।
মতামত দিন