Views Bangladesh Logo

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে আরসা সদস্য নিহত, গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। তিনি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুতুপালং মধুরছড়া ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার পথে ইব্রাহিম নামে এক ব্যক্তির ঘরের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ‘পরবর্তীতে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। অভিযানে ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সুবিধার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক গোপন তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দলের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়া ভোররাতে ওই স্থানে নিহতের উপস্থিতিও সন্দেহজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই এপিবিএন কর্মকর্তা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ