রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. জুবায়ের (৩৪) ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। পুলিশের ভাষ্য, তিনি ক্যাম্পে আরসার কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর সদস্যরা এ হামলা চালিয়েছে। মোসা হারুনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল জুবায়েরকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে তিন থেকে চারটি গুলি লাগে।
পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্প-সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ঘটনাটির তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন