Views Bangladesh Logo

আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া পোস্টাল ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্যালট পেপার দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোটগুলো বাতিল বলে গণ্য হতে পারে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিশেষায়িত অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’-তে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা রাখা হলেও এর জন্য নির্ধারিত একটি সময়সীমা রয়েছে। বিজ্ঞপ্তিতে প্রবাসী ভোটারদের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগের পর সাদা রঙের ব্যালট খাম ও প্রয়োজনীয় ঘোষণাপত্র যথাযথভাবে পূরণ করে হলুদ খামে ভরে দ্রুততম সময়ে নিকটস্থ ডাকঘরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে পৌঁছায় না, তাহলে তা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো সম্ভব হবে না।

নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পেপার পৌঁছাতে না পারলে সেটি ভোট গণনার আওতার বাইরে থাকবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ডাকযোগে ব্যালট পাঠানোর জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ