পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যা: দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালী সদর উপজেলায় দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী সদর আদালতে মামলাটি দায়ের করেন। পরে বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
আসামিরা হলেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা বাসস্ট্যান্ড এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদার (৪৫)।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে খেজুরতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দুটি বেওয়ারিশ কুকুরকে দড়ি দিয়ে বেঁধে মোটা কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, কুকুর দুটি প্রাণ বাঁচানোর চেষ্টা করে ছটফট করছে। কিছুক্ষণ পর তারা মাটিতে লুটিয়ে পড়ে।
বাদী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ভিডিও দেখে ঘটনাস্থল পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
স্থানীয় দোকানি জাহাঙ্গীর প্যাদা জানান, কুকুর দুটি প্রায় চার বছর ধরে তিনি খাবার দিতেন এবং নিয়মিত টিকাও দেওয়া হয়েছিল। অভিযুক্তদের দাবি ছিল, কুকুর দুটি তাদের হাঁস কামড়েছে। তবে ঘটনার দিন কুকুর দুটি তার বাড়িতেই ছিল বলে তিনি দাবি করেন।
মতামত দিন