Views Bangladesh Logo

হক গ্রুপের এমডি আদম তমিজীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

দুটি চেক ডিজঅনারের মামলায় হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকসহ পাঁচজনের বিরুদ্ধের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন-আদম তমিজীর স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, তার আরেক স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি অ্যান্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী এম এ মালেক আদনান সংবাদমাধ্যমকে জানান, ঢাকার “মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ”-এর অঙ্গ প্রতিষ্ঠান “কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেড”-এর সঙ্গে “হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড”-এর ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেনে হক ফুড ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা বকেয়া করে। আসামিরা এই বকেয়া পরিশোধের জন্য কেবিসি কোম্পানিকে দুটি চেক দেয়। কিন্তু চেক দুটি “অ্যাডভাইস নট রিসিভ্ড” মন্তব্যে ব্যাংক ডিজঅনার করে। পরে কেবিসি কোম্পানির পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারি) বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে মামলা করেন।

তিনি আরও জানান, বিচারক মামলা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমনের আদেশ দেন। বৃহস্পতিবার ছিল মামলার ধার্য তারিখ। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন এবং আগামী ২১ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ