ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ নতুন আইনি জটিলতায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে গুজরাটের সুরাত আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের একাধিক সমন উপেক্ষা করায় শেষ পর্যন্ত এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও আইনজীবী কমলেশ রাভাল সুরাত আদালতে এই মামলাটি করেন। তার অভিযোগ, অনুরাগের মন্তব্য গোটা ব্রাহ্মণ সম্প্রদায়কে আঘাত ও অপমান করেছে এবং সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে। অভিযোগের ভিত্তিতে আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ ও ৩৫৩(২) ধারায় মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে।
বিতর্কের সূত্রপাত ২০২৫ সালে সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ফুলে’-র ফার্স্ট লুক প্রকাশের পর। ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ ছবিটির কিছু বিষয়ে তীব্র আপত্তি জানালে পরিচালক অনুরাগ কাশ্যপ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাল্টা মন্তব্য করেন। অভিযোগকারীদের দাবি, ২০২৫ সালের এপ্রিলে করা সেই মন্তব্যটি ছিল কুরুচিকর ও উসকানিমূলক। পোস্টটি ভাইরাল হলে নেট দুনিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে।
এর আগে মহারাষ্ট্রের আইনজীবী আশুতোষ জে দুবেও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ট্যাগ করে মুম্বাই পুলিশের কাছে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে মুম্বাই পুলিশ কোনো চূড়ান্ত পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে গুজরাটের সুরাত আদালতে নতুন করে মামলা করেন কমলেশ রাভাল। আদালতের ডাকে বারবার সাড়া না দেওয়ায় এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হলেন অনুরাগ কাশ্যপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে