সেলিম ওসমানকে গ্রেপ্তার না করলে বিএনপির নেতাকর্মীরাই ধরে আনবে: টিপু
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার না করলে বিএনপির নেতাকর্মীরাই তাকে ধরে আনবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ খান টিপু। তার এ বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বরফকল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করেন মহানগর বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ।
বক্তব্যে টিপু পুলিশের ভূমিকার সমালোচনা করে বলেন, গডফাদার ওসমান পরিবার এখনো উঁকিঝুঁকি মারছে। এখনো সেলিম ওসমান উইজডমে এসে মিটিং করে। পুলিশ প্রশাসনকে বলতে চাই, ঈদুল আজহার দিনেও গডফাদার সেলিম ওসমান উইজডমে এসে ঈদ পুনর্মিলনী করেছে। আপনারা কী করেন?
তিনি আরও বলেন, আগামী দিনে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা বিএনপির নেতা-কর্মীরা তাকে ধরে নিয়ে আসব। উইজডমে বসে নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করবে, সেটা হতে দেওয়া যাবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান ‘উইজডম’কে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনা ও অভিযোগ রয়েছে। বিএনপি নেতাদের দাবি, সরকার পরিবর্তনের পরও সেলিম ওসমান দেশে অবস্থান করছেন এবং মাঝেমধ্যে তার কারখানায় এসে রাজনৈতিক বৈঠক করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে