টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৬০০ পর্যটক
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় ৬০০ পর্যটক। একমাত্র সড়কের গুরুত্বপূর্ণ অংশ তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সাজেক–বাঘাইছড়ি সড়কের মাচালং এলাকায় একটি সেতু ও সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে সোমবার ও মঙ্গলবার সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা এখন ফিরে আসতে পারছেন না।
অ্যাসোসিয়েশনের সভাপতি সুর্পণ দেববর্মা বলেন, আটকে পড়া সব পর্যটক নিরাপদে আছেন। তবে মাচালং এলাকার পানি না কমা পর্যন্ত সাজেকে যাতায়াত সম্ভব হবে না। বৃষ্টি কমে সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকেরা ফিরে যেতে পারবেন।
পরিস্থিতি বিবেচনায় রিসোর্ট ও কটেজ মালিকরা আটকে পড়া পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত কক্ষভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের শুধু পানি ও অন্যান্য প্রয়োজনীয় সেবার খরচ পরিশোধ করতে হবে।
এদিকে টানা বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন