রাজশাহীতে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৪%
রাজশাহীর বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার অধিকাংশ কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গড়ে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-৫ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শারমিন সুলতানা জানান, তার কেন্দ্রে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে। একই কেন্দ্রের আরেক তথ্য অনুযায়ী ভোটের হার ৪৩ দশমিক ১২ শতাংশ। জেলার ১৫টি কেন্দ্র ঘুরে প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে।
পবা ও মোহনপুর উপজেলায়ও সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানা গেছে।
তবে রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৮টা ৫০ মিনিটে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কেন্দ্রে এলে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডলের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়। তবে এতে কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের পরিবেশ শান্ত রয়েছে।
রাজশাহী বিভাগের আট জেলায় মোট ৩৯টি আসনে ভোটগ্রহণ চলছে। এ বিভাগে ভোটার সংখ্যা ১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ৫ হাজার ২৮৭টি। এর মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট প্রার্থী রয়েছেন ২১২ জন।
বেশিরভাগ আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কয়েকটি আসনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও আলোচনায় রয়েছেন। তবে ছোট দলগুলোর অনেক প্রার্থী সাংগঠনিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে