Views Bangladesh Logo

সন্ধান মিলছে না মেট্রোরেলের ২ লাখ টিকিটের

ফেরত দেয়ার পরিবর্তে এককযাত্রার ২ লাখ টিকিট (কার্ড) সঙ্গে করে নিয়ে গেছেন মেট্রোরেলের যাত্রীরা। এসব টিকিট ফেরত দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সোমবার (১৪ অক্টোবর) উত্তরা ডিপোতে এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, “সব স্টেশন মিলিয়ে ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি এককযাত্রার টিকিট দেয়া হয়েছিল। এর মধ্যে এককযাত্রার যাত্রীরা বহির্গমন গেটে বসানো নির্ধারিত মেশিনে প্রায় ২ লাখ কার্ড জমা দেননি। নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ৬,৮৮১টি কার্ড। দেড় হাজার কার্ড অন্যান্যভাবে হারিয়েছে।”

নিয়ে যাওয়া এসব কার্ড ফেরত দেয়ার আহ্বান জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, “এককযাত্রার টিকিট মেট্রোরেল স্টেশনের বাইরে নেয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। তাই অনুরোধ রইল এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।”

এদিকে টিকিট কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মেট্রো যাত্রীদের। টিকিট সংকটের কারণে কিছু কিছু ভেন্ডিং মেশিন বন্ধ থাকছে। এতে এক মেশিনের ওপর চাপ পড়ে। টিকিট শেষ হয়ে গেলে যাত্রীদের অপেক্ষা করতে হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ