Views Bangladesh Logo

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

ঈদুল ফিতরকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ঈদের আগে ও পরে ১৫ দিনে (১৪–২৮ মার্চ) সারা দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। এতে প্রতিদিন গড়ে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৪৬ জন নারী এবং ৬৭ জন শিশু। এ সময় আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে, যেখানে নিহতের সংখ্যা ১১৬ জন। এছাড়া বাসযাত্রী ৪১ জন, থ্রি-হুইলার যাত্রী ৫০ জন এবং প্রাইভেট কার ও মাইক্রোবাসে ২০ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ৪৩.১৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ৩০.৮৩ শতাংশ, গ্রামীণ সড়কে ১২.৮৬ শতাংশ এবং শহরের সড়কে ১১.২৬ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ প্রায় ২৫ শতাংশ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এর পরেই রয়েছে ঢাকা বিভাগ।

সড়ক দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ ব্যবহার।

সংস্থাটি বলছে, সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। রেল ও নৌপরিবহন উন্নয়ন, দক্ষ চালক তৈরি, যানবাহনের মানোন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ