মিরপুরে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন
রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের লেগুনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়কে রাস্তা অবরোধের চেষ্টা করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করতে গেলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা।
তারা জানান, আত্মরক্ষার্থে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনীর ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ স্পটে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে