Views Bangladesh Logo

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক, এখনো আটকা ৪ শতাধিক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫০ জন পর্যটককে নিরাপদে খাগড়াছড়ি জেলা সদরে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে রাঙামাটির দীঘিনালা-বাঘাইহাট-মাচালং-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে বুধবার সকাল থেকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেকে আটকা পড়েন প্রায় ৫৬১ জন পর্যটক।

পরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন (২০৩ পদাতিক ব্রিগেড)-এর তত্ত্বাবধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল)। বৃহস্পতিবার সেনাসদস্যরা ভেলা ও নৌকার সাহায্যে পর্যটকদের দীঘিনালায় নিয়ে যান। সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দফায় ফিরে যাওয়া ১৫০ পর্যটকের মধ্যে প্রায় ১০ জন শিশু, ১০০ জন পুরুষ এবং ৪০ জন নারী রয়েছেন। মূলত যাঁদের জরুরি কাজ ছিল, তাঁরাই প্রথম দফায় সাজেক ত্যাগ করেন।

সাজেক কটেজ ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, জরুরি প্রয়োজন থাকা পর্যটকদের সেনাবাহিনীর সহায়তায় বের করে আনা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক সাজেকে অবস্থান করছেন। রিসোর্ট মালিকরা তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করলেও সবার খাবারের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে খাদ্য ব্যয় পর্যটকদের নিজেদেরই বহন করতে হচ্ছে।

রাঙামাটি জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান জানান, আটকে পড়া ৫৬১ জন পর্যটকের মধ্যে ইতোমধ্যে ১৫০ জন নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। বাকি চার শতাধিক পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা বিবেচনায় তাদেরকেও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ