রাঙ্গামাটিতে নৌকাডুবি: সেনাবাহিনীর অভিযানে ১১ জন জীবিত উদ্ধার
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় নৌকাডুবির ঘটনায় ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রাজমনিপাড়া এলাকায় বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়।
এ ঘটনাটি প্রথমে দায়িত্বরত এক সেনাসদস্যের নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এসময় পানিতে ডুবে যাওয়া ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অন্যান্য উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে