Views Bangladesh Logo

দেশ স্থিতিশীল হওয়ায় সেনাবাহিনী ধীরে ধীরে ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের ক্রান্তিলগ্নে সেনাসদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব।

গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

তিনি বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার্সআপ হয়।

ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ