টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত; গ্রেপ্তার ৩, উদ্ধার ৫৭
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ে আটকে রাখা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারীদের একটি চক্র আস্তানা গড়ে তুলেছিল। তারা মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে সেখানে আটকে রাখত। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাঁকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়। আহত সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের মুক্ত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে এবং জিম্মি থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ৫৭ জনের পরিচয় যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ে আত্মগোপনে থাকা অন্য মানব পাচারকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন