‘সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে দেশের পরিস্থিতির উন্নয়নের জন্য’
রাজধানীসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার থেকে কার্যকর করা এ সিদ্ধান্ত আগামী দুই মাস বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা, অরাজকতা এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটছে বলে আমরা লক্ষ্য করেছি। উদ্ভুত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে এ পরিস্থিতির উন্নয়নের জন্য। এ সব অপতৎপরতা রুখে দেয়ার জন্য, মোকাবিলা করার জন্য।
আইন উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না। আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে