Views Bangladesh Logo

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

ঢাকার আশুলিয়ায় দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইমন শেখ গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। আটককৃতরা হলেন— আবদুর রহমান (৪২), বশির উদ্দিন বেপারী (৬৪), মোহাম্মদ সারোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) ও মো. নুরুল ইসলাম (৩৫)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।

এদিকে একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নালাম ভোটকেন্দ্রে পৃথক আরেকটি অভিযানে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন— মো. মন্টু মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) ও রাকিব হোসেন (৩৯)। তাদেরও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআই সাইমন শেখ বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ