তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
দেশে জ্বালানি তেল বিপণনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে প্রধান প্রধান তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন ডিপো থেকে কোনো কোনো ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এতে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা, খুলনা জেলার দৌলতপুর, সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ জেলার গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুর জেলার পার্বতীপুর এবং বরিশাল ডিপো।
এর মধ্যে পতেঙ্গা (চট্টগ্রাম), দৌলতপুর, বাঘাবাড়ি, গোদনাইল, ফতুল্লা এবং পার্বতীপুর-এর ডিপোগুলো কেপিআইভুক্ত স্থাপনা হিসেবে বিবেচিত। ফলে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, উল্লিখিত স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হলে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে