চট্টগ্রামে বন্যায় পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ, ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন
চট্টগ্রামে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ইন এইড টু সিভিল পাওয়ার-এর আওতায় জেলার সাতটি উপজেলায় সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম জেলা প্রশাসনের জরুরি অনুরোধের পর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা বন্যাদুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছেন।
এতে আরও বলা হয়, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এসব এলাকার প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে ১০ পদাতিক ডিভিশনের বিশেষ উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জামসহ দুর্গত এলাকায় কাজ করছে।
অন্যদিকে, ভারী বর্ষণের প্রভাবে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানায়, দুর্গত এলাকায় আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বন্যাকবলিত এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে ২৪ পদাতিক ডিভিশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মতামত দিন