Views Bangladesh Logo

নাগরিকবান্ধব আচরণে দায়িত্ব পালনের গুরুত্বারোপ সেনাপ্রধানের

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার ময়মনসিংহে নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে ময়মনসিংহ সফর করেন সেনাপ্রধান।

পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর আবারও জোর দেন।

পরবর্তীতে তিনি ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড সভায় অংশ নেন।

ময়মনসিংহ সফরকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ