Views Bangladesh Logo

পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেইয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শন শেষে পাঁচ দিনের সরকারি সফর শেষ করে আজ শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে তিনি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) এবং ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউএনআইএসএফএ)-এ দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি দক্ষিণ সুদানে মোতায়েন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন, নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইয়ে অবস্থানরত একটি পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। পাশাপাশি স্টাফ অফিসার, সামরিক পর্যবেক্ষক ও কন্টিনজেন্ট সদস্যদের কাছ থেকে মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সেনাপ্রধান ইউএনএমআইএসএসের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউএনআইএসএফএর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন আভিযানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চোল থন বালক ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল সান্তিনো দেং উলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ