তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে দেশে ফিরেন সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সফরকালে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, জেনারেল স্টাফের প্রধান, স্থলবাহিনীর কমান্ডার, ইস্তাম্বুল নৌ জাহাজ নির্মাণ কারখানার পরিচালক এবং প্রতিরক্ষা শিল্প বিষয়ক প্রেসিডেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তুর্কি স্থলবাহিনীর সদর দপ্তরে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।
বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষ পেশাগত সামরিক সম্পর্ক গভীরতর ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সফরসূচির অংশ হিসেবে সেনাপ্রধান আঙ্কারার আনিতকাবিরে তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কেমাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি তুরস্কের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে সেগুলোর উৎপাদন সক্ষমতা, গবেষণা ও উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম, প্রতিরক্ষা উৎপাদন ও ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। এর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন তিনি।
মতামত দিন