অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৭ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, সামরিক স্থাপনা পরিদর্শন এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তাঁর এই সফর শেষ হয়।
সফরের শুরুতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেন সেনাপ্রধান। প্রতিরক্ষা ও সামরিক বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনের সময় বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তিনি। দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণও আলোচনায় গুরুত্ব পায়।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মির (এইউএসএ) বার্ষিক সভা ও প্রদর্শনীতে অংশ নেন। সফরের এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
এ ছাড়া দুই দেশে অবস্থানকালে বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন সেনাপ্রধান। এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলীয় সেনাবাহিনী, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ সফরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পেশাগত যোগাযোগ, সামরিক প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন