Views Bangladesh Logo

অপ্রয়োজনে বলপ্রয়োগ না করার নির্দেশ সেনাপ্রধানের

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানে সেনা সদস্যদের পেশাদার আচরণ এবং অপ্রয়োজনে বলপ্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর সেনাপ্রধান বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। আমরা ভাবছিলাম, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো। কিন্তু কাজটি দীর্ঘদিন ধরে করে যেত হচ্ছে। তাই আমাদের ধৈর্য্য রাখতে এবং পেশাগত দায়িত্বের সাথে কাজটা সম্পন্ন করতে হবে’।

‘সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতোদিন দেশে নির্বাচিত সরকার না পাই, ততোদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে’- বলেন তিনি।

সেনাসদস্যদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়ে সেনাপ্রধান বলেন, ‘দায়িত্ব পালনের সময় উশৃঙ্খলতা এবং বল প্রয়োগ করা যাবে না’। যেটি না করলেই না হয়, সেটুক বলপ্রয়োগ করে কাজ করারও নির্দেশ দেন তিনি।

জেনারেল ওয়াকার উজ জামান আরও বলেন, ‘একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটি মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৩৩ পদাতিক ডিভিশন এবং রানার্সআপ হয় ৭ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর শ্রেষ্ঠ তিন ফায়ারারকে বিশেষ পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে ছিলেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কার বিতরণ শেষে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন এবং নির্দিষ্ট টার্গেট করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ