তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে সেনাপ্রধান
কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) জেনারেল অ্যাসেম্বলি-২০২৩-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (১২ নভেম্বর) রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সোম ও মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দেবেন তিনি। এ ছাড়া তিনি সিজিএফের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সিজিএফের জেনারেল অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।
এ ছাড়াও সেনাপ্রধান সেখানে অনুষ্ঠেয় ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি অ্যাসেম্বলি ডিসকাশন’-এ অংশ নেবেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান বৃহস্পতিবার দেশে ফিরবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে