মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরে গেলেন সেনাপ্রধান
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরে গেলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিন দিনের সরকারি সফরে সোমবার (৩ মার্চ) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
সফরকালে সেনাপ্রধান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অবস্থানরত বাংলাদেশি কন্টিনজেন্ট এবং সেখানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শন করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নির্মিত একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করবেন তিনি। যা স্থানীয় জনগণের সেবা দেয়ার জন্য চালু করা হয়েছে।
বর্তমানে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে।
আইএসপিআর জানায়, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯৬১ জন বাংলাদেশি সেনা সদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর এ দায়িত্ব পালনকালে ১১ জন সেনা সদস্য শহীদ হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে