আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি বলেন, নৈতিকতা, শৃঙ্খলা এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির পাঠদান ক্যামব্রিজ কারিকুলামের আওতায় ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বেড়ে ওঠার সুযোগ পাবে।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যাতে আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলা সম্ভব হয়।
মতামত দিন