Views Bangladesh Logo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মীরসরাই, চাঁদপুর ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাদেক আলী (২৮), কামরুল হাসান (৪৩) ও মো. হানিফ (৩৪)। তবে সংঘর্ষের সময় তাদের হাতে থাকা অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি দেশি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে মীরসরাই থেকে সাদেক আলী, চাঁদপুর থেকে কামরুল হাসান এবং সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে হানিফকে গ্রেফতার করা হয়। সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা ব্যক্তিদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেগুলো বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।

পুলিশের দাবি, ঘটনার দিনের ছবি বিশ্লেষণ করে কামরুল হাসান ও মো. হানিফের কাছেও অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কামরুলের হাতে ছিল শুটার গান এবং হানিফের হাতে ছিল পিস্তল। ঘটনার সময় হানিফ একটি ব্যাগও বহন করছিলেন। ওই ব্যাগে অস্ত্র ছিল বলে পুলিশের সন্দেহ।

গত ১ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও দলের সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং তিনটি মিনিবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে কয়েকজনকে অস্ত্র হাতে দেখা যায়। এর মধ্যে মো. সাদেক আলী ও সিরাজুল ইসলাম নামের দুজনের অস্ত্র হাতে থাকা ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সাদেককে গ্রেপ্তার করা হলেও সিরাজুল ইসলামকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিও বিশ্লেষণ করে অস্ত্রধারীদের শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। সোমবার রাতে মীরসরাই থেকে সাদেককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। একই সময়ে চাঁদপুরে অভিযান চালিয়ে কামরুলকে এবং পরে হানিফকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, সংঘর্ষের দিন অস্ত্রধারীদের হাতে যে অস্ত্র ছিল, সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। কামরুলের কাছে শুটার গান এবং হানিফের কাছে পিস্তল ছিল। গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রগুলো হাতবদল করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সাদেকের কাছ থেকে উদ্ধার করা একনলা বন্দুকটি ভাইরাল হওয়া ছবিতে তার হাতে থাকা অস্ত্র নয়। ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

হানিফকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, তার কাছ থেকে প্রকৃত অস্ত্র উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড আবেদন করে। আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে গ্রেপ্তার তিনজন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী, নাকি সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারী—এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা নিশ্চিত করেনি পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, অস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়। তদন্ত ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, অপরাধী যে দলের, যে গ্রুপের বা যে রাজনৈতিক পরিচয়ই ব্যবহার করুক না কেন—কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ