Views Bangladesh Logo

সুন্দরবনে ডাকাত দলের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নেওয়া একটি দলের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৭ অক্টোবর) রাতে বাগেরহাটের মোংলা থানার আওতাধীন সুন্দরবনের শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লে. কমান্ডার শওকত আহম্মদ।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশে শেলা নদী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর পরিপ্রেক্ষিতে রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা সন্দেহভাজনরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ