নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের গুলিবর্ষণ, জেলের নৌকা ছিনতাই
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তবর্তী নাফ নদীতে সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের গুলিবর্ষণ ও জেলের নৌকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পাল্টা অভিযান পরিচালনা করে গুলি ছোড়ে। পরে দুই রোহিঙ্গা জেলেকে হেফাজতে নেয় বিজিবি।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় দুই রোহিঙ্গা জেলে একটি ডিঙ্গি নৌকায় অবস্থান করছিলেন। এসময় ইঞ্জিনচালিত একটি নৌকায় থাকা সশস্ত্র একটি গ্রুপ তাদের ধাওয়া করে। নিরাপত্তার আশায় জেলেরা হ্নীলা ১ নম্বর সুইস গেটের অভ্যন্তরে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। তবে সশস্ত্র ব্যক্তিরা তাদের ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি দখল করে বেঁধে টেনে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাই হওয়া নৌকাটিতে চোরাচালান সংশ্লিষ্ট কিছু মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। নৌকাটি দখলে নেয়ার পর সশস্ত্র গ্রুপের সদস্যরা ওই মালামাল নিজেদের নৌকায় স্থানান্তর করে সীমান্তসংলগ্ন দ্বীপাঞ্চলের দিকে সরে যায়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম জানান, টেকনাফের হ্নীলা বিওপি থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তরে এবং শূন্য লাইন থেকে প্রায় ৪০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে সুইস গেট সংলগ্ন নাফ নদী এলাকায় একটি সশস্ত্র গ্রুপ মাছ ধরারত দুই রোহিঙ্গা জেলেকে লক্ষ্য করে আনুমানিক তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা জেলেদের ব্যবহৃত নৌকাটি ছিনতাই করে মিয়ানমারের অভ্যন্তরে খরের দ্বীপের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে হ্নীলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় সশস্ত্র গ্রুপটি ডুবারচর এলাকা অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা তাদের লক্ষ্য করে আনুমানিক ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পর উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা ইমাম হোসেন (২৫) ও নুরুল আমিন (২৩) নামে দুই রোহিঙ্গা জেলেকে বিজিবির হেফাজতে নেয়া হয়েছে। তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নাফ নদী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে