খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি
দুর্বৃত্তরা খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘরে ঢুকে একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ হন, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুল ইসলামের স্ত্রী ফাহিমা। গুরুতর আহত রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে তাঁর সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে সেই সূত্রে রাশিদুলের সঙ্গে ইমরানের পরিবারের যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হয়। প্রায় ছয় মাস আগে ইমরান আবার কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ ফাহিমা জানান, সাত থেকে আট মাস আগে তাঁর সাবেক স্বামী ইমরানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি নতুন করে বিয়ে করেন। ভোরে সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তাঁদের ওপর গুলি চালান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ে গুলি লেগেছে। শরীর থেকে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ছয়জন জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে